চর বিজয়ে নীল সবুজের দৃষ্টিনন্দন পাখি অম্বর চুটকি

চর বিজয়ে নীল সবুজের দৃষ্টিনন্দন পাখি অম্বর চুটকি

বঙ্গোপসাগরের নীল জলরাশির বুক চিরে জেগে ওঠা চর বিজয় যেন দিনদিন হয়ে উঠছে উপকূলের নতুন জীববৈচিত্র্যের ঠিকানা। এবার সেই দ্বীপে দেখা মিলেছে নীল-সবুজ রঙের দৃষ্টিনন্দন পাখি অম্বর চুটকির। গত রোববার চর বিজয়ে পাখিটির দেখা মেলে। বৃষ্টিতে ভিজে উড়তে না পারা পাখিটিকে উদ্ধার করে রোদে শুকিয়ে সুস্থ করার পর ফের প্রকৃতিতে ছেড়ে দিয়েছেন স্থানীয় এক জেলে। দৈর্ঘ্য সাধারণত ১৫ থেকে ১৭ সেন্টিমিটার। উজ্জ্বল নীল-সবুজ বা তামাটে-নীল পালক, চোখের চারপাশ ও ঠোঁটের গোড়ার কালচে অংশ পাখিটিকে করে তুলেছে বেশ আকর্ষণীয়। বাংলাদেশে এটি মূলত শীতকালীন পরিযায়ী পাখি হিসেবে পরিচিত। চর বিজয়ের বালুচরে পাখিটিকে প্রথম দেখতে পান স্থানীয় জেলে সাইদুল। বৃষ্টিতে ভিজে দুর্বল হয়ে পড়ায় পাখিটি উড়তে পারছিল না। কাছে গিয়ে সেটিকে উদ্ধার করেন তিনি।

পরিবেশবাদীদের মতে, চর বিজয়ের মতো নির্জন উপকূলীয় দ্বীপে ভেরডিটার ফ্লাইক্যাচারের উপস্থিতি সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্যের সমৃদ্ধির গুরুত্বপূর্ণ ইঙ্গিত। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, চর বিজয়ে পরিযায়ী পাখির নিয়মিত বিচরণ প্রমাণ করে দ্বীপটি উপকূলীয় জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল হয়ে উঠছে। ভেরডিটার ফ্লাইক্যাচারের উপস্থিতি আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষারও একটি বার্তা। পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে শিকার, ফাঁদ ও জাল পাতা বন্ধের পাশাপাশি পর্যটকদেরও সচেতন হতে হবে। প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে বনায়ন ও সংরক্ষণ কার্যক্রম আরো জোরদার করা প্রয়োজন।

বিজ্ঞাপন

বাংলাদেশ বন বিভাগের জব অনুযায়ী, ভেরডিটার ফ্লাইক্যাচার দেশে একটি সাধারণ ও বিস্তৃত শীতকালীন পরিযায়ী পাখি। শীতকালে একা বা ছোট দলে এদের বিচরণ দেখা যায়।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, চর বিজয়ে এরই মধ্যে ঝাউ, হেঁতাল, গেওয়া ও গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। প্রায় ২৩০ একর আয়তনের দ্বীপটিতে নিয়মিত বনায়ন কার্যক্রম চলছে। সারা বছরই সেখানে বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ দেখা যায়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শীত মৌসুমের শুরুতেই চর বিজয়ে বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটে। দ্বীপজুড়ে লাল কাঁকড়ারও বিচরণ রয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নজরদারি ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন