চিকিৎসাসামগ্রী সংকটের সমাধান এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
বুধবার সকাল ৮টা থেকে তারা এ কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে; ফলে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আন্দোলনকারীরা জানান, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসরঞ্জামের তীব্র সংকট রয়েছে। এর পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হচ্ছে এবং সংঘবদ্ধ হুমকির মুখে পড়তে হচ্ছে।
এ ছাড়া হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। ফলে সীমিত জনবল ও অপ্রতুল চিকিৎসাসরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই তারা কর্মবিরতির এ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত পরিস্থিতি ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

