বগুড়ার উপনির্বাচনকে আরেকটি মাগুরা হতে দেওয়া হবে না: জামায়াত প্রার্থী

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার উপনির্বাচনকে আরেকটি মাগুরা হতে দেওয়া হবে না: জামায়াত প্রার্থী

বগুড়া-৬ সদর আসনের আসন্ন উপনির্বাচনের প্রচারনায় সরকার দলীয় নেতাকর্মিদের বাধা প্রদানের অভিযোগ করে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান বলেছেন, বিএনপি বগুড়ায় ‘আরেকটি মাগুরা’ ধরনের নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছে। তিনি বলেন, প্রশাসন বিএনপির বিরুদ্ধে কোনো অভিযোগকে কার্যকরভাবে গ্রহণ করছেন না।

শনিবার দুপুরে বগুড়া শহরের জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আবিদুর রহমান বলেন,“উপনির্বাচনে প্রার্থী হওয়ার পর আমি বিগত ১২ মার্চ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন অনিয়ম তুলে ধরেছিলাম। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বিরোধী পক্ষ ধানের শীষ মার্কার লোকজন নির্বাচনী পরিবেশ অশান্ত করছে।

বিজ্ঞাপন

শাখারিয়া ইউনিয়নে বিএনপি নেতারা আমার মহিলা কর্মীকে হুমকি দিয়েছে, ফাঁপোড় ইউনিয়নে আমার কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে প্রচারণা করতে নিষেধ করছে এবং খুন-জখমের হুমকি দিচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন,“২০ নং ওয়ার্ডে আমার উঠান বৈঠক পণ্ড করতে হুমকি ধামকি দেওয়া হয়েছে। এরুলিয়া এলাকায় আমার মহিলা কর্মীকে মারধর করা হয়েছে। পুরো আসনে আমার ব্যানার ও ফেস্টুন খুলে ফেলে ধানের শীষ মার্কার ব্যানার টাঙানো হচ্ছে। আমি এ পর্যন্ত ১৫টি অভিযোগ দাখিল করেছি, প্রতিটির সঙ্গে সচিত্র ভিডিও রয়েছে। তবে প্রশাসন এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেননি।”

জামায়াত প্রার্থী উল্লেখ করেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তার দাবি: আচরণ বিধি লঙ্ঘনের অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ। চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার। নির্বাচনের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো। দলীয় প্রিজাইডিং অফিসার নিয়োগ বাতিল। নির্বাচনের আগে সেনাবাহিনী মোতায়েন এবং ভোটের দিন আইনশৃঙ্খলাবাহিনীসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আ. স. ম আব্দুল মালেক, সদস্য সচিব মাওলানা আব্দুল হাকিম সরকার, এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ আবিদুর রহমান সাংবাদিকদের জানান, ভোটারদের ভয়ভীতি ও হুমকির মাধ্যমে নির্বাচনি পরিবেশে চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোট ডাকাতির কোনো চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন