বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৬

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৬

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় নিহতের নাম আব্দুস সালাম (৩২)। তিনি নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলার আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে। উল্লিখিত ঘটনার তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ের দায়িত্বপ্রাপ্ত ওসি হাফিজুর রহমান।

তিনি জানান, বগুড়ার দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষের সূত্রপাত হয়।

ভয়াবহ এই সংঘর্ষে ট্রাক ড্রাইভার ও হেলপারসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন