রাজশাহীর তানোরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. পলাশ আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার প্রাণপুর গ্রামের কৃষ্ণপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পলাশ আলী প্রাণপুর গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, শ্বশুরবাড়িতে যাওয়ার পথে কৃষ্ণপুর মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। পারিবারিক পূর্ববিরোধের জেরে এ হামলা হয়েছে বলে দাবি তার। এ সময় তাকে রশি দিয়ে বাঁধার চেষ্টা করা হয় এবং দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
পলাশ আলীর ভাষ্য, হামলার একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় জখম হয়। পরে এক বন্ধুর সহায়তায় তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার মাথার ক্ষতস্থানে পাঁচটি সেলাই দেন। তিনি বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আরাফাতুল আলম (৩৭), আফজাল হোসেন (৩৩), আফসার আলী (৩৫) ও মোস্তাফিজুর রহমানের (৪২) বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ করেছেন পলাশ আলী। তাদের বাড়ি উপজেলার প্রাণপুর ও জুমারপাড়া এলাকায়।
রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মুরশেদ আলী বলেন, পারিবারিক পূর্ববিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তিনি ঘটনার তদন্ত করে প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে আরাফাতুল আলম, আফজাল হোসেন, আফসার আলী ও মোস্তাফিজুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি-না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

