গুরুদাসপুরে জনবসতি ও কৃষিজমিতে ১১ ইটভাটা

গুরুদাসপুরে জনবসতি ও কৃষিজমিতে ১১ ইটভাটা

আইন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নাটোরের গুরুদাসপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার দৌরাত্ম্য থামছেই না। পৌর সদর ও বিভিন্ন ইউনিয়নের আবাসিক এবং ঘনবসতিপূর্ণ এলাকায় যত্রতত্র গড়ে ওঠেছে এসব ইটভাটা। ফলে স্থানীয় জনজীবন, কৃষিজমি, পরিবেশ ও পাকা সড়ক মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান ও জরিমানা করা হলেও অবৈধ এসব ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা ইটভাটাগুলোর চিমনির উচ্চতা কম হওয়ায় নির্গত কালো ধোঁয়ায় চারপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এতে শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ও ঘনবসতি এলাকার মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। আইন অনুযায়ী তিন ফসলি জমি, বনভূমি ও আবাসিক এলাকার কাছে ভাটা স্থাপন এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এখানে প্রকাশ্যেই আইন লঙ্ঘন করা হচ্ছে। ফসলি জমি কেটে মাটি সরবরাহ করা হচ্ছে ভাটায় এবং পোড়ানো হচ্ছে কাঠখড়ি। ইট ও মাটি বহনকারী ভারী ট্রাক্টর-ট্রলির দাপটে নষ্ট হচ্ছে গ্রামীণ পাকা সড়ক। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গত বছর ফসলি জমি হ্রাসের কারণে এ এলাকায় ধানের আবাদ কমেছে প্রায় ১০০ টন।

অনুসন্ধানে জানা যায়, উপজেলায় মোট ১১টি ইটভাটার মধ্যে মাত্র দুটির লাইসেন্স রয়েছে। পৌর এলাকার পাঁচটি অবৈধ ভাটা হলো—মেসার্স এমবিপি ব্রিক্স, মেসার্স একেবি ব্রিক্স, মেসার্স এমডিআর ব্রিক্স, মেসার্স এমডিএস ব্রিক্স এবং মেসার্স এএমবি ব্রিক্স। এছাড়া সাহাপুর, হাজীর হাট ও চন্দ্রপুর এলাকায় রয়েছে মেসার্স এইচবিবি ব্রিক্স, মেসার্স এইচআরবি ব্রিকস, মেসার্স এইচকেবি ব্রিকস, মেসার্স এমএসবি ব্রিক্স, মেসার্স এমডিপি ব্রিক্স এবং মেসার্স আরআরবি ব্রিকস। ২০২৪ সালের শেষের দিকে সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত এক অভিযানে উপজেলার ৯টি অবৈধ ইটভাটাকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের ‘দায়সারা’ অভিযানের পর ভাটাগুলো আবার চালু হয়ে যায়। জনস্বার্থে এগুলো পুরোপুরি গুঁড়িয়ে দিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন স্বীকার করেছেন যে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কারো নেই। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন