প্রেমের দ্বন্দ্বকে কেন্দ্র করে বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৬

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)

প্রেমের দ্বন্দ্বকে কেন্দ্র করে বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৬

নাটোরের বড়াইগ্রামে কিশোরদের প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত উপজেলার শিবপুর বাজার ও পার্শ্ববর্তী এলাকায় কয়েক দফায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে শিবপুর গ্রামের ওয়াজ প্রামাণিক (৭০)-কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ওয়াজ প্রামাণিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত ২৯ মে প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে গোপালপুর মৃধাপাড়া গ্রামের আবিরের সঙ্গে শিবপুরের কয়েকজন কিশোরের ধাক্কাধাক্কি হয়। পরে শুক্রবার আবির ও তার স্বজনরা শিবপুর গ্রামের সজীবকে মারধর করেন। এ সময় সেখানে থাকা গড়মাটি গ্রামের ব্যবসায়ী আবু হানিফকেও তারা মারধর করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে গড়মাটি কলোনি থেকে হানিফের স্বজনরা লাঠিসোটা নিয়ে শিবপুর বাজারে গেলে গোপালপুর কলোনি ও শিবপুরের লোকজনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।

রোববার সকালে গোপালপুর, শিবপুর ও পাশের নারায়ণপুরের লোকজন একত্রিত হয়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিবপুর বাজারে অবস্থান নেয়। পরে তারা গড়মাটি গ্রামের ভ্যানচালক নিশাত (৩০)-কে পিটিয়ে আহত করে আটকে রাখে। খবর পেয়ে গড়মাটি কলোনির লোকজনও সশস্ত্র অবস্থায় মহাসড়কে অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ইউএনও ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিশাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, “এ ঘটনায় থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ পেয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মঙ্গলবার স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...