বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, দাম পেয়ে খুশি চাষিরা

বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, দাম পেয়ে খুশি চাষিরা

নাটোরের বড়াইগ্রামের বাজারগুলোতে নতুন পাট উঠতে শুরু করেছে। গত বছরের তুলনায় এবার মণপ্রতি প্রায় এক হাজার টাকা বেশি দামে পাট বিক্রি করছেন কৃষকরা। এছাড়া এবার পাটের ফলন ভালো হয়েছে, পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় জাগ দেওয়ার জন্য পানির অভাবও হয়নি।

গত বছরের শুরুতে নতুন পাট বিক্রি হয়েছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৯০০ টাকা মণ দরে। এবার কৃষকরা শুরুতে নতুন পাট বিক্রি করেছেন মণপ্রতি ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায়। তবে বর্তমানে দাম বেড়ে ৪ হাজার ১০০ থেকে ৪ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এবার প্রতি মণে বাড়তি পাওয়া যাচ্ছেÑ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। উপজেলার তারানগর কৃষক শহীদুল ইসলাম বলেন, ‘এবার পাটের ফলনও ভালো হয়েছে আবার দামও ভালো পাচ্ছি। নতুন পাট বেচে মণে হাজার ১২০০ টাকা লাভ পাচ্ছি।’

বিজ্ঞাপন

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার উপজেলায় ১০ হাজার ২০০ হেক্টর জমিতে পাটচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে গত মৌসুমের শেষের দিকে সন্তোষজনক দাম পাওয়ায় চাষিরা এবার লক্ষ্যমাত্রা পেরিয়ে মোট ১০ হাজার ৮৭৫ হেক্টর জমিতে পাটচাষ করেছেন। অনুকূল আবহাওয়ায় এবার প্রতি বিঘায় গড়ে ৮-৯ মণ ফলন পাওয়া গেছে। তাছাড়া গত বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে চরম ভোগান্তিতে পড়েন কৃষকরা। কিন্তু এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় তেমন পরিস্থিতি হয়নি।

কৃষকদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পাট উৎপাদন খরচ বেড়েছে। বিশেষ করে এবার শ্রমিক প্রতি খরচ বেশি পড়েছে। গত বছর দৈনিক ৭০০ টাকা মজুরিতে শ্রমিক পাওয়া গেছে, কিন্তু এবার পাট কাটা, জাগ দেওয়া ও ছাড়ানো বাবদ শ্রমিকপ্রতি দৈনিক ৯০০ টাকা মজুরি দিতে হচ্ছে। এতে গত বছরের তুলনায় এবার পাটচাষের খরচ প্রতি মণে ২০০-৩০০ টাকা বেড়েছে। গত বছর যেখানে প্রতি মণ পাটের উৎপাদন খরচ আড়াই হাজার টাকার কাছাকাছি ছিল। এবার তা বেড়ে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা হয়েছে।

ভালো ফলনের ফলে উপজেলার লক্ষ্মীকোল বাজারে জমে উঠেছে পাটের হাট। এ হাটে পাট কিনতে আসা ব্যবসায়ী আবু ইউসুফ জানান, তারা এখানকার হাট থেকে পাট কিনে ফরিদপুর, খুলনা, যশোর, বগুড়া ও কুষ্টিয়ার বিভিন্ন মোকামে পাঠান।

উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, ‘আবহাওয়া, ফলন ও দাম অনুযায়ী এবার কৃষক পাটচাষে লাভজনক অবস্থায় আছেন। ভালো দাম পেলে চাষিরা আগামীতেও এ ফসল চাষে আগ্রহী হবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন