চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়নী খাতুন (১৪) নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মোহনবাগ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নয়নী খাতুন উপজেলার ধাইনগর ইউনিয়নের আঁখিরা গ্রামের রুবেল আলীর মেয়ে।
জানা গেছে, উপজেলার মোহনবাগ এলাকায় জান্নাতুল ফেরদৌসী নামে এক নারীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন নয়নী খাতুন। তাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে ওই বাড়ি থেকে নয়নীর লাশ উদ্ধার করে। বাড়ির লোকজন দাবি করেছে, নয়নী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তবে স্থানীয়দের দাবি, তাকে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে, সোমবার বিকেলে কাউকে কিছু না বলে একটি ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নয়নী। তবে পুলিশ নয়নীর লাশ ঝুলন্ত অবস্থায় পায়নি।
পুলিশ যাওয়ার আগেই লাশ নামিয়ে ফেলা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

