রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন
পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন। ছবি: আমার দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা দেবজয় সরকারকে মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ নাইম ফারুকী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে উপাচার্য এ কমিটি গঠন করেছেন। কমিটিকে তদন্তসাপেক্ষে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকালের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করবে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হলে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবজয় সরকারকে মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। দেবজয় হল শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সদস্য ছিলেন। এ ঘটনার প্রতিবাদে হল ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিচার দাবি করেন। পরে প্রায় চার ঘণ্টা উত্তেজনার পর তদন্ত কমিটি গঠনের আশ্বাস এবং ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশের পর পরিস্থিতি শান্ত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন