মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার ৪নং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ফুটবল মাঠে বিশ্ববাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি।
সমাবেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ড. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজে গাম্বিয়ার দায়ের করা মিয়ানমারের বিরুদ্ধে মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত রোহিঙ্গাদের নাম উল্লেখ করেছেন এবং ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।
তিনি বলেন, আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন।
আদালত অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণের কথাও উল্লেখ করেছেন আদালত।
এসব অপরাধের পেছনে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।
রোহিঙ্গাদের পরিচয়ের গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, আদালত তাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের।
তাঁর ভাষায়, এই রায় রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, কোনও রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। এই রায়ের মধ্যদিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।
বক্তব্যে রায় বাস্তবায়নের জন্য চারটি বিষয়ে গুরুত্ব দেন ড. খলিলুর রহমান। প্রথমত, গণহত্যা সনদের আওতায় নিষিদ্ধ অপরাধের সঙ্গে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, আদালত মিয়ানমারের জাতীয় আইনের ঘাটতি দূর করা এবং এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন। মিয়ানমারকে সদিচ্ছার সঙ্গে এসব বাধ্যবাধকতা পূরণ করতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।
রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
খলিলুর বলেন, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তা নাহলে আদালতের রায় রোহিঙ্গাদের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারবে না।
দ্বিতীয় আহ্বানে তিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ওপর জোর দেন। ড. খলিলুর রহমান বলেন, মিয়ানমারকে তাদের কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরি করতে হবে। মিয়ানমারের ভেতরে বাস্তুচ্যুত এবং সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নেয়া উভয় শ্রেণীর মানুষের ক্ষেত্রেই এই দায়িত্ব প্রযোজ্য।
তিনি বলেন, পরিবারগুলোকে পুনরায় একত্রিত করা, হারিয়ে যাওয়া বাড়িঘর, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেয়া অথবা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। আহত ব্যক্তিদের চিকিৎসা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং রোহিঙ্গাদের সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী মৃতদের মর্যাদার সঙ্গে পুনরায় দাফনের ব্যবস্থাও করতে হবে।
প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গারা বারবার নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। তবে কাউকে বিপদের মুখে ফেরত পাঠানো যাবে না। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য তাদের প্রকৃত সুরক্ষা, বৈষম্য থেকে মুক্তি, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে।
নাগরিকত্বের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে ড. খলিলুর রহমান বলেন, বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষার মধ্যে নাগরিকত্ব পাওয়ার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নিজস্ব মতামত ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের প্রবেশাধিকারও মিয়ানমারকে নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।
তৃতীয় আহ্বানে ক্ষতিপূরণের বিষয়টি তুলে ধরেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। তিনি বলেন, যেসব বস্তুগত ক্ষতির প্রতিকার শুধু সম্পত্তি ফিরিয়ে দেয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষতির জন্য রোহিঙ্গাদের ব্যক্তিগত ও সামষ্টিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।
ড. খলিলুর রহমান এসময় উল্লেখ করেন, পুনরুদ্ধারমূলক ব্যবস্থা হিসেবে মিয়ানমার কী পদক্ষেপ নিয়েছে এবং ক্ষতিপূরণের প্রস্তাবিত পরিমাণ ও পদ্ধতি কী হবে, সে বিষয়ে দুই বছরের মধ্যে প্রতিবেদন দিতে হবে।
তিনি বলেন, অর্থ দিয়ে কোনো জীবন ফিরিয়ে আনা বা স্বজন হারানোর শূন্যতা পূরণ করা সম্ভব নয়। তবে যথাযথ ক্ষতিপূরণ বেঁচে থাকা ব্যক্তিদের নিরাপত্তাবোধ ও আশার জায়গা পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। এ ক্ষেত্রে নারী ও তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।
মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিশুদের খাদ্য ও শিক্ষা, পরিবারগুলোর স্বাস্থ্যসেবা, আশ্রয় ও সুরক্ষা প্রয়োজন। বাংলাদেশের সরকার ও জনগণের একার পক্ষে এই দায়িত্ব বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে উন্নয়ন সহযোগীদের, শিবিরগুলোতে মানবিক সহায়তার জন্য অর্থায়ন বাড়াতে হবে।
চতুর্থ আহ্বানে রায় মেনে চলা এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারের দায়িত্বের কথা উল্লেখ করেন তিনি। এ জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদের কথা উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘের প্রতিটি সদস্যরাষ্ট্র সংশ্লিষ্ট মামলায় আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। কোনও রাষ্ট্র তা করতে ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার সুযোগ রয়েছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রায় বাস্তবায়নের পরবর্তী করণীয় নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
বক্তব্যে রোহিঙ্গাদের পক্ষে আইসিজেতে মামলা করায় গাম্বিয়া, উদ্যোগে সমর্থন দেয়ায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, আইসিজের বিচারক এবং প্রমাণ সংগ্রহে কাজ করা জাতিসংঘের তদন্তকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান ড. খলিলুর রহমান।
তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পাশাপাশি উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের অবদান উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় জনগোষ্ঠীও তাদের জন্য নিজেদের দুয়ার খুলে দিয়েছেন।
বিশেষভাবে রোহিঙ্গা বেঁচে ফেরা মানুষদের এবং নিজেদের অভিজ্ঞতার কথা সাহসের সঙ্গে তুলে ধরা নারীদের প্রশংসা করেন তিনি। তার মতে, রায়ের মধ্যে রোহিঙ্গাদের কণ্ঠস্বর প্রতিফলিত হয়েছে।
১৯৪৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের গণহত্যাকে মানবজাতির বিবেকের জন্য আঘাত হিসেবে ঘোষণা এবং ১৯৪৮ সালে গণহত্যা সনদ গ্রহণের প্রসঙ্গও তুলে ধরেন ড. খলিলুর রহমান।
তিনি বলেন, গণহত্যা প্রতিরোধ ও এর শাস্তি নিশ্চিত করা সনদে স্বাক্ষরকারী সব রাষ্ট্রের দায়িত্ব। কোনো জনগোষ্ঠীকে গণহত্যা থেকে সুরক্ষা দেয়া একটি সামষ্টিক আইনি স্বার্থ, যা রাষ্ট্রীয় সীমান্ত ও পৃথক জাতীয় স্বার্থের ঊর্ধ্বে।
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্ব এই রায়ের মধ্য দিয়ে আবারও সামনে এসেছে।
রোহিঙ্গাদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, আদালতের রায় প্রমাণ করেছে যে বিশ্ব তাদের ভুলে যায়নি। তিনি রোহিঙ্গাদের বক্তব্য ও আকাঙ্ক্ষা নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কণ্ঠস্বর তুলে ধরার কথা বলেন তিনি।
তিনি বলেন, দ্য হেগে ন্যায়বিচারের রায় এসেছে। এখন দায়িত্ব হলো শিবিরগুলোতে এবং রাখাইনে রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে সেই ন্যায়বিচার বাস্তবায়ন করা। ২০২৬ সালের ১৯ নভেম্বরকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথচলার শুরুর দিন হিসেবে ইতিহাসে স্মরণীয় করে রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনের সময় ড. খলিলুর রহমান কক্সবাজারের ক্যাম্পগুলো পরিদর্শন করেছিলেন। শুক্রবারের বক্তব্যে সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে নিউইয়র্কে বসে কথা বলার পরিবর্তে তিনি সরাসরি তাদের কাছে আসতে চেয়েছেন।
বক্তব্যের শেষে তিনি বলেন, রোহিঙ্গাদের কোনও অংশ যেন আর কখনও গণহত্যার শিকার না হয়। তার ভাষায়, ‘আর কখনও নয়’এর অর্থ সত্যিই আর কখনও নয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির বক্তব্যকে স্বাগত জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। তাদের প্রত্যাশা, আইসিজের রায় শুধু আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করে তা বাস্তবায়ন করা হবে।
রোহিঙ্গা নাগরিক সংগঠন ইউসিআরের সভাপতি কিন মং বলেন, রোহিঙ্গাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা সরাসরি শোনার জন্য আমরা ড. খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞ। আমরা শরণার্থীশিবিরে অনির্দিষ্টকাল থাকতে চাই না। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরতে চাই। তিনি আমাদের কথাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন বলে আশা করছি।
রোহিঙ্গা যুব অধিকার কর্মী মুজিবুর রহমান বলেন, আমরা বহু বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আইসিজের রায় আমাদের জন্য আশার জায়গা তৈরি করেছে। কিন্তু শুধু রায় হলে হবে না, যারা আমাদের ওপর নির্যাতন করেছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
ইউসিআরের সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, আমরা বাংলাদেশে আশ্রয় পেয়ে কৃতজ্ঞ। কিন্তু নিজের দেশ ছেড়ে কেউ অন্য দেশে থাকতে চায় না। মিয়ানমারে ফিরে যাওয়ার আগে আমাদের নিরাপত্তা, নাগরিকত্ব এবং স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

