যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ বলেছেন, ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সহায়তা বন্ধের বিষয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত। শুধু ইসরায়েল নয়, মিসর, সৌদি আরব ও পাকিস্তানকেও নিঃশর্ত সামরিক সহায়তা দেওয়া বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি।
একই সঙ্গে ইসরাইলের কর্মকাণ্ডের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন প্রয়োগ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক আদালতগুলোতে দেশটিকে যুক্তরাষ্ট্রের সুরক্ষা দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মিশিগান থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট সিনেটর।
আল-সাইয়েদ বলেন, ‘আমি প্রেসিডেন্টের সঙ্গে একমত—বিশ্বাসই হচ্ছে না যে কথাটি বলছি—ইসরাইল, মিসর, সৌদি আরব ও পাকিস্তানকে নিঃশর্ত সামরিক সহায়তা দেওয়া বন্ধ করা প্রয়োজন।’
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা চলতি বছরের শেষ নাগাদ বন্ধ করা হবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমঝোতার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
আল-সাইয়েদ বলেন, ইসরাইল কী করছে এবং অতীতে কী করেছে, সে ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলো প্রয়োগ করা প্রয়োজন। জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের কর্মকাণ্ডের পক্ষে যুক্তরাষ্ট্রের সুরক্ষা দেওয়া বন্ধ করতে হবে।
মার্কিন কংগ্রেসে ইসরাইল নিয়ে বিদ্যমান নীতিগত অবস্থান পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতাদের ইসরায়েলপন্থী লবি আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) কাছ থেকে অর্থ নেওয়া বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি। নির্বাচনে আল-সাইয়েদের বিরুদ্ধে বিপুল অর্থ ব্যয় করেছিল এই সংগঠন।
এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের সময়ও নির্ধারণ করেছেন আল-সাইয়েদ। নির্বাচনে জয়ের পর ভ্যান্সের চিফ অব স্টাফ তার সঙ্গে যোগাযোগ করেন। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।
নির্বাচনী প্রচারণার সময় ভ্যান্স একাধিকবার আল-সাইয়েদের সমালোচনা করেছিলেন। তাকে ‘ভয়াবহ অশুভ’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলেও আখ্যা দিয়েছিলেন। তবে নির্বাচনে জয়ের পর আল-সাইয়েদ ভ্যান্সকে আরবি ভাষায় ‘হাবিবি’ বলে সম্বোধন করেন। আগামী জানুয়ারিতে তার শপথ অনুষ্ঠানে ভ্যান্সকে সভাপতিত্ব করতে হবে—এ কথা উল্লেখ করেও রসিকতা করেন তিনি।
এর আগে চলতি সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আল-সাইয়েদ যদি ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চান, তাহলে প্রশাসনও তার সঙ্গে কাজ করতে আগ্রহী।
দায়িত্ব নিয়ে যেসব বিষয়ে অগ্রাধিকার দেবেন
আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে যাচ্ছেন আবদুল আল-সাইয়েদ। নির্বাচনী প্রচারণায় তার বিরুদ্ধে কয়েক কোটি ডলার ব্যয় এবং বিভিন্ন ধরনের আক্রমণাত্মক বক্তব্যের মুখেও তিনি মিশিগানের গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে জয়ী হন।
দায়িত্ব নেওয়ার পর তার তাৎক্ষণিক তিনটি অগ্রাধিকারের কথা জানিয়েছেন তিনি। এগুলো হলো—মেডিকেইড কর্মসূচিতে সম্ভাব্য বড় ধরনের বরাদ্দ কমানো ঠেকানো, ইরান যুদ্ধের অবসান এবং শুল্কনীতি সংশোধন।
এ ছাড়া সবার জন্য সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘মেডিকেয়ার ফর অল’ আইন প্রণয়নের উদ্যোগ নিতে চান তিনি। ভোটাধিকার আইন পুনর্বহাল ও শক্তিশালী করার পাশাপাশি শ্রমিক সংগঠনের অধিকার সম্প্রসারণে ‘প্রো অ্যাক্ট’ এগিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। নির্বাচনী প্রচারণায় বিপুল অর্থের প্রভাব কমাতে সুপ্রিম কোর্টের ‘সিটিজেনস ইউনাইটেড’ রায় বাতিলের পক্ষেও অবস্থান নিয়েছেন তিনি।
সিনেটের নেতৃত্বের দায়িত্বে মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেনকে সমর্থন করছেন আল-সাইয়েদ। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া ভ্যান হলেনকে তিনি একজন অসাধারণ নেতা হিসেবে উল্লেখ করেছেন।
ওয়াশিংটনের রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার প্রতিশ্রুতির অংশ হিসেবে নিজের পরিবারকে রাজধানীতে নিয়ে যাওয়ার পরিকল্পনাও নেই তার। বরং মিশিগানেই বেশি সময় কাটিয়ে নিয়মিত জনসভা, টাউন হল বৈঠক এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চান।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ও রিপাবলিকান নেতাদের কাছ থেকে ইসলামবিদ্বেষী বক্তব্যের মুখেও পড়েছিলেন আল-সাইয়েদ। তার নাম ও ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে চালানো আক্রমণের জবাবে তিনি বলেন, মিশিগানের ভোটাররা তাকে নির্বাচিত করে এসব বক্তব্যের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন কারও নাম কিংবা ধর্মীয় বিশ্বাসের কারণে তাকে আক্রমণ করেন, তখন অনেক শিশু তা দেখে। মিশিগানের মানুষ ভোটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, তারা এমন আচরণ সমর্থন করেন না। এ জন্য তিনি রাজ্যটির ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

