চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন শিক্ষার্থী

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন শিক্ষার্থী

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মধ্যবর্তী এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে পাথর নিক্ষেপে চোখ হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত সাব্বির জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।

সাব্বিরের বড় ভাই সুলতান জানান, উল্লাপাড়া স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর জামতৈল স্টেশনে পৌঁছানোর আগমুহূর্তে ট্রেনের জানালা দিয়ে ছোড়া একটি বড় পাথর সাব্বিরের ডান চোখে আঘাত করে। এতে তার ডান চোখের কর্নিয়া সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং চোখের নিচের হাড় ভেঙে যায়। একই সঙ্গে মাথায়ও গুরুতর আঘাত পান তিনি।

ঘটনার পর সাব্বিরকে জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান চোখের দৃষ্টিশক্তি আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। আঘাতের মাত্রা নির্ণয়ে তার সিটি স্ক্যান করা হবে।

সাব্বিরের ভাই সুলতান বলেন, আগে চিকিৎসা শেষ হোক। এরপর পুলিশের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ট্রেনে পাথর নিক্ষেপের সঙ্গে এলাকায় অবস্থানকারী বখাটে বা মাদকসেবীরা জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, এই রেলপথের কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে বখাটে ও মাদকসেবীদের আড্ডা বসে।

তাদের মতে, কামারখন্দ উপজেলার রসুলপুর-কয়েলগাতী এলাকার ছাগলাপাগলা দহ রেলব্রিজ, তাজুরপাড়ার চতরার দহ রেলব্রিজ এবং উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতু এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, ধারণা করা হচ্ছে, উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মধ্যবর্তী কোনো এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। আহতের পরিবার চিকিৎসা শেষে মামলা করার কথা জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন