রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এক পথচারী গ্রেনেড দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গ্রেনেড দুটি পবা উপজেলার একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন একজন পথচারী।
খবর পেয়ে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুবিধার্থে বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন। এরপরও গ্রেনেড সদৃশ বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গ্রেনেড দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে সেগুলো নিষ্ক্রিয় করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় এটি নিষ্ক্রিয় করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

