পাবনায় নাশকতার পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ১৫ জনের মধ্যে আব্দুল ওহাবের নাম-পরিচয় জানা গেলেও অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাবনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরে নাশকতার পরিকল্পনা নিয়ে তারা মাইক্রোবাসে করে এসেছিলেন। পরে মিছিল করার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করেছিল পুলিশ। ওই সময় পুলিশ ভ্যানে তোলার পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নেন। ওই ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন। পরে ছিনিয়ে নেওয়ার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
জামিনে মুক্ত হওয়ার পর আব্দুল ওহাব সুজানগর এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে আবারও সক্রিয় করার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে জানা যায়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

