নাটোর সদর হাসপাতালে চারদিন ধরে হামের (মেনিঞ্জাইটিস) উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা তিন মাস বয়সী শিশু কাশফি আক্তার আইসিইউ না পাওয়ায় মারা গেছেন। শিশুটিকে সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, কিন্তু সেখানেও প্রয়োজনীয় আইসিইউ সুবিধা না থাকায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ কামাল উদ্দিন ভুঁইয়া জানান, নাটোর আধুনিক সদর হাসপাতালে আইসিইউ না থাকার কারণে কাশফিকে রেফার্ড করা হয়েছিল। তার চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কিনা তা এখন যাচাই করা হচ্ছে। নিহত কাশফি বড় হরিশপুরের ঋসি নওগাঁ এলাকার সাইফুল ইসলামের একমাত্র সন্তান।
নাটোর সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, জেলায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। সোমবার পর্যন্ত ৩৮ জন হামে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১৩ জন শিশু নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি। এদের মধ্যে ৮ জন শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, বাকিরা এখনও চিকিৎসাধীন।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হামের প্রাদুর্ভাব ও প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সুমনা সরকার ও অন্যান্যরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, হামের উপসর্গ দেখা দিলে শিশুকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা এবং পর্যাপ্ত টিকা জেলায় মজুদ আছে। তিনি সবাইকে সতর্ক থাকার জন্য এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে সচেতনতামূলক প্রচারণা চালানোর আহ্বান জানান।
নাটোরের স্বাস্থ্য কর্মকর্তারা হামের উপসর্গযুক্ত শিশুদের অবিলম্বে হাসপাতালে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন, যাতে সময়মতো চিকিৎসা দিয়ে জীবন রক্ষা করা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

