বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, আটক দুই

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, আটক দুই

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় গ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্যাতনের শিকার ওই নারী বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আরেকজন পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

অভিযুক্তরা হলেন—সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় পূর্বপাড়া গ্রামের মৃত লাল চান ফকিরের ছেলে মাহবুবুর রহমান, যিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন হিসেবে কর্মরত; একই এলাকার আজিজুল সোনারের ছেলে আলমগীর হোসেন এবং মৃত আকবর আলীর ছেলে শহিদুল ইসলাম।

ঘটনাটি জানাজানি হওয়ার পর মঙ্গলবার এলাকাবাসী আলমগীর ও শহিদুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। অপর অভিযুক্ত মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী নারীর স্বামী একটি মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। এ সুযোগে অভিযুক্তরা তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় ওই নারী প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি।

সম্প্রতি ভুক্তভোগীর স্বামী জামিনে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরেন। স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে চাইলে তিনি নির্যাতনের বর্ণনা দেন। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত আলমগীর ও শহিদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। আরেকজন অভিযুক্তকে আটকের জন্য পুলিশ কাজ করছে। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন