নওগাঁ সাপাহারে রমজানের প্রথম দিনেই ইফতার সামগ্রীসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে। ছোলা, ডাল, বেগুন, লেবু, বেশন, খেজুর, মুরগি ও গরুর মাংস—প্রায় সব পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বৃহস্পতিবার সাপাহার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে ৮০ টাকা কেজির ছোলা এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। কাঁচা মরিচ কেজিতে ৩০ টাকা বেড়ে হয়েছে ১৫০ থেকে ১৮০ টাকা। ৬০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
শসা ৬০ থেকে ৮০ টাকা, আর লেবু হালিতে ৩০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। খেজুর প্রকারভেদে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেলের দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে, বেশন ১২০ থেকে ১৬০ টাকা, আর বোতলজাত সয়াবিন তেল অনেক দোকানেই পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না।
এদিকে বয়লার মুরগি কেজিতে ১৫০ টাকা থেকে বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০০ টাকায়। মাছের বাজারেও একই চিত্র দেখা গেছে।
সাপাহার উপজেলার দিঘীর হাট বাজার, কলমুডাঙ্গা বাজার, মধুইল বাজার, আশড়ন্দ বাজার ও তিলনা বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে।
মো. এরশাদ নামের এক ক্রেতা বলেন, রমজানের আগে থেকেই দাম বাড়তে শুরু করেছে। প্রথম দিন বাজারে এসে দেখি প্রায় সব পণ্যের দাম বেড়েছে, বিশেষ করে ইফতারের সামগ্রীর।
আরেক ক্রেতা আব্দুর রহমান বলেন, আয় না বাড়লেও পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে পরিবারের ইফতারের প্লেটে টান পড়বে।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রুমানা রিয়াজ জানান, রমজানে কিছুটা দাম বাড়ে। নিয়মিত উপজেলার বিভিন্ন বাজারে তদারকি করা হচ্ছে। এবং বাজার তদারকির জন্য বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

