বগুড়ায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া সদর উপজেলা আধিপত্য বিস্তার নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত আতিকুর রহমান সাগর শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য। তিনি বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া হাট এলাকার শাহাদত হোসেন ও সাজেদা বেগমের ছেলে।

সাগরের স্ত্রী মারজিয়া আক্তার জানান, সাগরের বাড়ি পাঁচবাড়িয়া গ্রামে হলেও কয়েক মাস ধরে তিনি পার্শ্ববর্তী চালিতাবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। বুধবার রাত সোয়া ২টার দিকে সাগর নিজ বাড়িতে রাতের খাবার খেতে আসেন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজ আলম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাগরদের সঙ্গে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। এরই জেরে সাগরের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তিনি মারা যান।

জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধেও একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন