আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১

স্টাফ রিপোর্টার, বগুড়া

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১
ছবি: আমার দেশ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী বাজার এলাকায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে চয়ন রাজভর নামের এক কোচিং সেন্টারের পরিচালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই নয়নসহ আরও দুজন আহত হয়েছেন।

নিহত চয়ন রাজভর উপজেলার তুলারাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ী এলাকার ‘দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টার’-এর পরিচালক ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে চয়ন রাজভর ও প্রতিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবির নামাজের পর এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় চয়ন রাজভরকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চয়নের ভাই নয়ন গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত আমিনুর ফকির সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন