তানোরে বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুর মৃত্যু

তানোরে বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় বাড়ির পাশের পুকুরে পড়ে মো. শোয়াইব নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স দেড় বছর।

শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মোহর ঘোড়াডুবি বটতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শোয়াইব ওই এলাকার রাকিব হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে হামাগুড়ি দিয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশের মসজিদ ও মক্তবসংলগ্ন একটি পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুর থেকে উদ্ধার করে।

পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং দাফনের অনুমতি দেওয়া হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বলেন, ‘শিশুটির মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন