স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ভোটারদের আঙুলের ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। তিনি ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট বদলে দিয়েছেন।
শুক্রবার বগুড়া সফরে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিবগঞ্জ উপজেলার নাগরবন্দর মসজিদের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন। বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও শাহ এমএ জলিলের কবর জিয়ারত করেন। এছাড়া, সাদুল্যাপুর সার্বজনীন দুর্গা মন্দিরের হরিবাসর অনুষ্ঠানে যোগ দেন।
দুর্গা মন্দিরে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই বিএনপি সরকারের অঙ্গীকার। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ে তুলব। বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের কাঁটার আঁচড় লাগতে দেওয়া হবে না।
এর আগে সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা বিএনপি আয়োজিত পৌরসভা ও উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নকল্পে বরাদ্দ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির জজকোর্টের জিপি শফিকুল ইসলাম টুকু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

