রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বকাপের ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার রাত ৩টার দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী আঞ্চলিক সড়কে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সিফু আহমেদ আসিফ (১৯) উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি রায়গঞ্জের সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আসিফ বন্ধুদের সঙ্গে বসে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...