রাজশাহী বিভাগে যক্ষ্মা (টিবি) পরিস্থিতি নীরবে ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি পর্যায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণের জোরালো দাবি করা হলেও মাঠপর্যায়ের চিত্র বিপরীত। গত পাঁচ বছরে এই বিভাগে যক্ষ্মা রোগী শনাক্তের হার উদ্বেগজনকভাবে প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডায়াগনস্টিক কিট, জিন এক্সপার্ট কিট ও এক্স-রে ফিল্মের সংকট বর্তমানে কমলেও স্বাস্থ্য সহকারী ও ল্যাব টেকনোলজিস্টদের ব্যাপক শূন্যতা এবং প্রকল্প জটিলতায় গোটা চিকিৎসাসেবা হুমকির মুখে পড়েছে।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাজশাহী বিভাগে ২০২১ সালে প্রতি এক লাখ জনসংখ্যায় যক্ষ্মা শনাক্তের হার ছিল ১৩৫ জন, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। পরিসংখ্যান অনুযায়ী, শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বছরে বছরে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে ছিল ২৭ হাজার ৯৫৪ জন, ২০২৩ সালে ২৯ হাজার ৮০৬ জন, ২০২৪ সালে ৩৪ হাজার ৩৫ জন এবং ২০২৫ সালে তা আরো বেড়ে ৩৫ হাজার ৯৬২ জনে দাঁড়ায়। মাত্র চার বছরের ব্যবধানে নতুন রোগী বেড়েছে প্রায় আট হাজার। গত বছরের পরিসংখ্যানে দেখা যায়, শনাক্ত হওয়া মোট রোগীর মধ্যে ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত রোগীই সর্বাধিক ২৩ হাজার ২৩৪ জন, যা প্রায় ৬৫ শতাংশ।
বিভাগের আটটি জেলার মধ্যে ২০২৫ সালের তথ্য পর্যালোচনা করলে শনাক্তের সংখ্যায় সবচেয়ে নাজুক অবস্থায় দেখা যায় বগুড়া ও রাজশাহী জেলাকে। বগুড়ায় ৪৭ হাজার জিন পরীক্ষায় ৪৪৪৮ জন (৯.৪৯ শতাংশ), সিরাজগঞ্জে ৩৯ হাজার ১১২টি পরীক্ষায় ৩৫২৩ (৯.০১%), রাজশাহীতে ৪৬ হাজার ৪৯৪টি পরীক্ষায় ৪০১৩ (৮.৬৩%), নাটোরে ২৫ হাজার ৩৬০টি পরীক্ষায় ২২৩৮ (৮.৮২%), নওগাঁয় ৩২ হাজার ৬১৮টি পরীক্ষায় ২৩৬১ জন (৭.২৪%) এবং পাবনায় ৩১ হাজার ৪৭২টি পরীক্ষার বিপরীতে ২১০২ জন (৬.৬৮%) যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্যমতে, গত বছরে ৩৫ হাজার ৯৬২ জন নতুন রোগী চিকিৎসার আওতায় আসেন এবং সাধারণ যক্ষ্মায় চিকিৎসার সাফল্যের হার ৯৩.৫%। তবে সবচেয়ে বড় ভীতি ছড়াচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট বা সাধারণ ওষুধে নিরাময় হয় না এমন যক্ষ্মা (ডিআর-টিবি)। গত বছর শনাক্ত হওয়া ১৪০ জন ডিআর-টিবি রোগীর মধ্যে মাত্র ১২৩ জন সুস্থতার পর্যায়ে পৌঁছেছেন এবং সাতজন মারা গেছেন। বাকিদের মধ্যে চিকিৎসা থেকে ড্রপ আউট হয়েছেন পাঁচজন এবং দুজন চিকিৎসা নিচ্ছেন।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২১-২০২৫ সালের মধ্যে রাজশাহী বিভাগে ডিআর-টিবিতে আক্রান্ত হয়ে ৭০ জন প্রাণ হারিয়েছেন। এদিকে সরকারের লক্ষ্যমাত্রা যেখানে প্রতি লাখে ২২১ জন রোগী শনাক্ত করা, সেখানে বর্তমান হার মাত্র ১৮১ জন। অর্থাৎ প্রতি লাখে ৪০ জন করে পুরো বিভাগে বছরে প্রায় ১০ হাজার সম্ভাব্য যক্ষ্মা রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, শিশুদের যক্ষ্মা শনাক্তের হার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক নিচে—মাত্র ৪.৭৪%।
অনুসন্ধানে জানা যায়, চিকিৎসা ও রোগ নির্ণয় ব্যবস্থা ভেঙে পড়ার মূলে রয়েছে দুই স্তরের তীব্র জনবল সংকট। প্রথমত, রাজশাহী বিভাগে স্বাস্থ্য সহকারীর মোট ২৬৬৬টি অনুমোদিত পদের মধ্যে ১২২১টি পদই বর্তমানে শূন্য পড়ে আছে, যার ফলে মাঠপর্যায়ে রোগীদের ফলো-আপ এবং নিয়মিত ওষুধ সেবন তদারকির চেইন প্রায় অকার্যকর হয়ে পড়েছে।
দ্বিতীয়ত, আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ডের অর্থায়নে ২০২১-২২ সাল থেকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্টরা যক্ষ্মা নির্ণয়ে মূল ভূমিকা পালন করলেও ২০২৫ সালের ডিসেম্বরে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় ল্যাবগুলো চরম সংকটে পড়েছে। এই দক্ষ জনবলকে সরকারের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালের (ডিপিপি) আওতায় নেওয়ার উদ্যোগ একনেকে নীতিগত অনুমোদন পেলেও এখনো প্রশাসনিক অনুমোদন ও প্রজেক্ট ডিরেক্টর (পিডি) নিয়োগ হয়নি। ফলে অনিশ্চয়তার মধ্যেও মানবিক দিক বিবেচনা করে এই টেকনোলজিস্টরা গত ৮-১০ মাস ধরে সম্পূর্ণ বিনা বেতনে সেবা দিয়ে যাচ্ছেন।
সারা দেশে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এই জনবল ১০ লাখ ৬০ হাজার জিন এক্সপার্ট, চার লাখ এক্স-রে এবং ৮১ হাজার ৬০০ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত করেছেন বলে জানা গেছে।
যক্ষ্মা (টিবি) চিকিৎসা কার্যক্রম ও ল্যাব টেকনোলজিস্টদের সংকট নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের এক কর্মকর্তা বলেন, তীব্র জনবল ও সেবা সংকট যক্ষ্মা রোগ নির্ণয়ে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয়ভাবে একটি এনটিআরএল এবং আঞ্চলিক পর্যায়ে পাঁচটি আরটিআরএল চালু থাকলেও, মাঠপর্যায়ের পেরিফেরাল ল্যাবগুলোতে তীব্র জনবল সংকট রয়েছে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালের টিবি সেন্টারগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্টদের পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই সংকট চরম আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখযোগ্যসংখ্যক কর্মীর মেয়াদ গত বছরের ডিসেম্বরে এবং বাকিদের মেয়াদ গত সেপ্টেম্বরে শেষ হয়ে যায়। এছাড়া আঞ্চলিক পর্যায়ে পাঁচটি আরটিআরএলের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে।
মানবিক বিবেচনা ও কর্মীদের মানবিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ চাকরি ও নীতিনির্ধারকদের মৌখিক আশ্বাসের ওপর আস্থা রেখে টেকনোলজিস্টরা গত ৮-১০ মাস ধরে সম্পূর্ণ বিনা বেতনে কাজ করে যাচ্ছেন। কর্মবিরতি বা আন্দোলনে গেলে প্রান্তিক যক্ষ্মা রোগীদের চিকিৎসাসেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে—এই মানবিক দিক বিবেচনা করে তারা সেবা অব্যাহত রেখেছেন।
মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরে রাজশাহীর পবা পেরিফেরিতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট আরিফুল ইসলাম আমার দেশকে বলেন, প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মৌখিক আশ্বাসের ওপর ভরসা রেখে আমরা প্রায় ১০ মাস ধরে সম্পূর্ণ বিনা বেতনে নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছি। কেবল রাজশাহী নয়, সারা দেশের চিত্রই একই রকম। তিনি আরো বলেন, সিভিল সার্জনের মাধ্যমে তাদের স্বপদে বহাল রাখার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে দাপ্তরিক নিয়মনীতি ও জটিলতার কারণে তা এখনো পুরোপুরি কার্যকর না হওয়ায় তারা আশাবাদী হলেও পুরোপুরি অনিশ্চয়তা কাটাতে পারছেন না।
রোগ নির্ণয় ও চিকিৎসা সরঞ্জামের বিষয়ে তিনি বলেন, মাঝখানে টিবি ডায়াগনোসিস পদ্ধতির কার্টিজের সংকট দেখা দিলেও বর্তমানে তা সহনীয় পর্যায়ে এসেছে এবং প্রয়োজনীয় ওষুধেরও কোনো ঘাটতি নেই। তবে ডিপিপি অনুমোদনের পর নতুন কর্মী নিয়োগ না দিয়ে তাদের বহাল রাখার জোর দাবি জানান এই টেকনোলজিস্ট। তার মতে, তারা বিগত ৫-৭ বছর ধরে এই খাতে কর্মরত এবং ইতোমধ্যে একাধিকবার উচ্চতর প্রশিক্ষণ পেয়েছেন। ফলে নতুন কর্মী নিয়োগ দিলে সরকারের যে বাড়তি অর্থ ও প্রশিক্ষণ ব্যয়ের প্রয়োজন হতো, অভিজ্ঞ কর্মীদের রেখে দিলে সেটা সাশ্রয় হবে।
সার্বিক সংকট নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ ও অতিরিক্ত প্রধান চিকিৎসক ডা. নাজিব ওয়াদুদ বলেন, নতুন সুবিধা বাড়ানো তো দূরের কথা, অনুমোদিত শূন্যপদ পূরণ না হওয়া এবং প্রয়োজনীয় কিট ও সরঞ্জামের ঘাটতির কারণেই চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অতিদ্রুত এগুলোর ব্যবস্থা না করলে অদূর ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ে টিবি গবেষক ও রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ জান্নাতুন রায়হান বলেন, অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্টের অভাব এবং প্রকল্পভিত্তিক কর্মীদের অনিশ্চিত পরিস্থিতির কারণে মাঠপর্যায়ে নিয়মিত চিকিৎসাসেবা দিতে গিয়ে চরম বেগ পেতে হচ্ছে। অবশ্য বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত্যন্ত ইতিবাচক।
প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডা. রায়হান। তিনি সতর্ক করে বলেন, ২০৩৫ সালের মধ্যে ‘জিরো টিবি’ অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার তুলনায় আমরা এখনো বেশ পিছিয়ে আছি।
রাজশাহী বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. মো. সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি লাখ জনসংখ্যায় ২২১ জন যক্ষ্মা রোগী থাকার কথা থাকলেও দেশে বর্তমানে এই শনাক্তের হার প্রায় ১৭০ জনের কাছাকাছি। ফলে প্রায় ১৫-২০ শতাংশ সম্ভাব্য রোগী এখনো শনাক্তের বাইরে (‘মিসিং) থেকে যাচ্ছেন।
মূলত ভৌগোলিক দুর্গম চরাঞ্চল, সীমান্তবর্তী এলাকা এবং কারাগারের মতো সংবেদনশীল স্থানে রোগীদের সহজে ট্র্যাকিং করা কঠিন হওয়ায় এই ঘাটতি তৈরি হয়। যক্ষ্মা অত্যন্ত সংক্রামক, তাই আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসার বাইরে থাকলে তাদের হাঁচি-কাশির মাধ্যমে পরিবার ও সমাজে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি সৃষ্টি হয়। তবে শনাক্তের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও চিকিৎসায় সাফল্যের হার অত্যন্ত আশাব্যঞ্জক বলে জানান এই টিবি বিশেষজ্ঞ।
তিনি উল্লেখ করেন, কঠিন প্রকৃতির ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা বা ডিআর-টিবির ক্ষেত্রে চিকিৎসায় সাফল্যের হার দাঁড়িয়েছে ৮৫-৮৭%। গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, রাজশাহী বিভাগে চিহ্নিত ১৪০ জন ডিআর-টিবি রোগীর মধ্যে ১২৩ জনই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং সাতজন মারা গেছেন।
তবে মাঠপর্যায়ের এই সংকটের বিপরীতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, বিভাগে বর্তমানে কোনো কিট সংকট নেই। ৮-১৬ মডিউলে ল্যাবগুলোতে নিরবচ্ছিন্ন পরীক্ষা চলছে। মাঠপর্যায়ে রোগীদের নিয়মিত ওষুধ সেবন নিশ্চিত করতে ডাইরেক্টলি অবজারভড ট্রিটমেন্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহী বিভাগের কেস নোটিফিকেশন রেট জাতীয় গড়ের চেয়েও ভালো।
জনবল সংকট নিরসনে কাজ চলমান জানিয়ে তিনি বলেন, শূন্যপদ পূরণে মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে গ্লোবাল ফান্ডের মেয়াদ শেষ এবং সরকারি ডিপিপি চালুর বিষয়ে তার জানা নেই বলে মন্তব্য করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

