রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু, চালক আটক

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু, চালক আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. স্বাধীন (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ব্রহ্মগাছা-ধানগড়া সড়কের চানপুর এলাকায়, আরএসবি ইটভাটার কাছে বালিবোঝাই একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন উপজেলার কয়ড়া উত্তরপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে তার নানা মো. শুকুর খার বাড়িতে বসবাস করতেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বালিভর্তি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি মানসিক ও বাকপ্রতিবন্ধী হওয়ায় পরিস্থিতি বুঝে সরে দাঁড়াতে পারেননি বলে ধারণা করছেন এলাকাবাসী।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে এবং চালককে পুলিশের হাতে তুলে দেয়।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন