সিরাজগঞ্জের রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যার কারণে ব্যাহত হচ্ছে ভূমি নিবন্ধন কার্যক্রম। অনুমোদিত ছয়টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র তিনজন কর্মকর্তা-কর্মচারী। ফলে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী দিয়ে অফিস পরিচালনা করতে হচ্ছে। এতে সেবার মান ও জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অফিস সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রার, অফিস সহকারী ও মোহরারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে জনবল ঘাটতি রয়েছে। এছাড়া অফিস সহায়কের পদও দীর্ঘদিন ধরে শূন্য।
জনবল সংকটের পাশাপাশি নিজস্ব ভবন না থাকায় ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা মানুষ। নির্ধারিত জমি থাকলেও এখনো নির্মাণ হয়নি আধুনিক অফিস ভবন। পুরোনো কোর্ট ভবনের ছোট পাঁচটি কক্ষে কোনোভাবে চলছে অফিসের কার্যক্রম।
২০১৩ সালে রায়গঞ্জ উপজেলা সদরে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ অফিসের মাধ্যমে উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌর এলাকার জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়। প্রতি বছর এখানে গড়ে প্রায় ৩ হাজার ৪০০টি দলিল নিবন্ধন করা হয়।
রায়গঞ্জ সাব-রেজিস্ট্রার এবাদত হোসেন বলেন, রায়গঞ্জের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজীপুর ও গান্ধাইল সাব-রেজিস্ট্রি অফিসেও দায়িত্ব পালন করতে হচ্ছে। এ কারণে সপ্তাহে মাত্র দুই দিন রায়গঞ্জ অফিসে দলিল দাখিল গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, জনবল নিয়োগ ও আধুনিক ভবন নির্মাণ করা হলে সেবার গতি বাড়বে এবং গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষণও সহজ হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার শরীফ তোরাফ হোসেন জানান, জনবল সংকট নিরসন ও আধুনিক ভবন নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

