বগুড়ার আদমদীঘি হাসপাতালের থেকে অপহৃত কিশোরীকে (১৫) উদ্ধার করেছে র্যাব। পৃথক অভিযানে অপহরণ ও ছিনতাই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিকটস্থ থানায় হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার কাহালু উপজেলার ভোলতা খানপাড়া এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। অপহরণ মামলায় গ্রেপ্তার রাহুল হোসেন (২৪) কাহালুর ভোলতা গ্রামের শাহিনুর ইসলামের ছেলে। উদ্ধার করা কিশোরী ও আসামিকে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, সোমবার বগুড়া শহরতলীর ছিলিমপুর এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালায় র্যাব। কাহালু থানার ছিনতাই মামলার আসামি ছাত্রাবাসে আত্মগোপনে ছিল। গ্রেপ্তার ফাহিম হাসান (২৩) শাজাহানপুর উপজেলার চক-কানপাড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। মামলার বরাত দিয়ে তিনি জানান, গত ১৫ জুন প্রাইভেট পড়তে যাওয়ার পথিমধ্যে আদমদীঘি হাসপাতালের সামনে থেকে কিশোরী নিখোঁজ হয়। স্বর্ণের চেইন, কানের দুলসহ অপহরণের অভিযোগে ৪ জুলাই আদমদীঘি থানায় মামলা দায়ের হলে অভিযানে নামে র্যাব। কাহালু উপজেলার ভোলতা খানপাড়া এলাকায় আসামি ও কিশোরীকে পাওয়া গেছে।
পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জুন কাহালু উপজেলার পোড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে বড়মোহর সড়কে ছিনতাই ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী একটি যাত্রীবাহী সিএনজির গতিরোধ করে। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর কাছ থেকে ফল বিক্রয়ের নগদ ১০ লাখ ৮০ হাজার টাকা, হিসাবের খাতা এবং উত্তরা ব্যাংক এলেঙ্গা টাঙ্গাইল শাখার মিকদাদ কোল্ড স্টোরের নামে স্বাক্ষরিত দুটি চেক ছিনিয়ে নেয়।
এ ঘটনায় কাহালু থানায় মামলা দায়ের হয়। তদন্তে প্রাপ্ত আসামি ফাহিম হাসান বগুড়া শহরতলীর ছিলিমপুর এলাকার ছাত্রাবাসে আত্মগোপনে ছিল।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

