মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় সিরাজগঞ্জে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই মামলায় ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লাইলা শারমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম বুলেন ও রংপুর জেলার কোতয়ালী থানার উত্তর বাবু খাঁ গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা সুমন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামীরা পলাতক ছিলেন। মামলা দুটি একই আদালতের। দুটি মামলায় একই আদেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ৯মার্চ সিরাজগঞ্জ শহরের ২নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বুলানকে আটক করে। পুলিশ তল্লাশী করে তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন জব্দ করে । এঘটনায় এসআই ফারুক সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।
অপর দিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারী সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সোহেল রানা সুমনের কাছে থেকে ভারতীয় তৈরি চেতনা নাশক ইনজেকশন জব্দ করে ।
দুটি মামলায় স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

