রাজশাহীর তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এফএইচ অ্যাসোসিয়েশন, তানোর এরিয়া প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী। স্বাগত বক্তব্য দেন এফএইচ অ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা।
এ সময় সিনিয়র উপজেলা ব্যবস্থাপক (এসএফডিএফ) রাজিব বর্মণ, এফএইচ অ্যাসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এফএইচ অ্যাসোসিয়েশনের তানোর শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের আওতায় তানোর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পর্যায়ক্রমে পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় বিভিন্ন ধাপ পেরিয়ে তানোর উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এসব শিক্ষার্থীকে স্বীকৃতি ও উৎসাহ দিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশু শিক্ষার্থীদের মধ্যে চেয়ার-টেবিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ দক্ষতা বৃদ্ধি, বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রাথমিক পর্যায় থেকেই আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরিতে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়ার অভ্যাস ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

