তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার স্ত্রীকে হত্যা

তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার স্ত্রীকে হত্যা

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুর্বনা রায়কে (৬০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে তাদের নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যান দম্পতি। রোববার ভোরে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী দীপক নামে এক ব্যক্তি বাড়ির মূল গেটের সামনে মই দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি সুর্বনা রায়কে রান্নাঘরে এবং যোগেশ চন্দ্র রায়কে ডাইনিং রুমে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ছিলেন এলাকার রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তারা স্বামী–স্ত্রী দুজনই বাড়িতে বসবাস করতেন। তাদের দুই ছেলে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনাব্বোর হোসেন ও উপজেলা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি বিষয়টি রংপুর গোয়েন্দা বিভাগকেও (ডিবি) জানানো হয়েছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন