ইরানের সঙ্গে আলোচনার দায়িত্ব থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে মনোযোগ দিতে বলেছেন ট্রাম্প। ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে কীভাবে দেখছে তেহরান, তা নিয়ে দেশটির নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে। বিশ্লেষকদের আশঙ্কা, এ পদক্ষেপ দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।
ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি ছিলেন ভ্যান্স। তবে বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প তাঁকে ডেমোক্রেটিক পার্টির কথিত ‘দুর্নীতি’ নিয়ে কাজ করার নির্দেশ দেন। একই পোস্টে তিনি জানান, ইরানের সঙ্গে চুক্তি করা এখন আর যুক্তরাষ্ট্র সরকারের অগ্রাধিকার নয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকস্মিক হামলায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর ট্রাম্প প্রশাসনের তুলনামূলক বাস্তববাদী ব্যক্তিদের একজন হিসেবে বিবেচিত হয়ে আসছেন ভ্যান্স। তেহরানের ধারণা, ইরান ইস্যুতে তার অবস্থান প্রশাসনের অন্য অনেক কর্মকর্তার তুলনায় কিছুটা নমনীয়।
তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নাসের হাদিয়ান মনে করেন, ভ্যান্সকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কথিত দুর্নীতির বিষয়টি দেখার দায়িত্ব দিয়ে ট্রাম্প মূলত ডেমোক্র্যাটদের সঙ্গে রাজনৈতিক সংঘাতের বার্তা দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর এ পদক্ষেপ নিয়েছেন তিনি।
তবে এর মধ্য দিয়ে ইসরাইলও সুবিধা পেতে পারে। কারণ, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর জন্য ট্রাম্পের ওপর ইসরাইলের চাপ রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের জন্য ভ্যান্স ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন।
নাসের হাদিয়ান বলেন, ‘এর মধ্য দিয়ে ইরানকেও একটি বার্তা দেওয়া হচ্ছে। বার্তাটি হলো, এখন চুক্তিতে পৌঁছানো যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়। ইরানের বিষয়ে তুলনামূলক নমনীয় অবস্থানের জন্য পরিচিত ব্যক্তিকে অন্য কাজে সরিয়ে দেওয়া হয়েছে।’
আলোচনার পক্ষে ছিলেন ভ্যান্স
ভ্যান্স ইরানের সঙ্গে যুদ্ধের আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলেন বলে মনে করা হয়। কারণ, এ যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অর্থনৈতিক ব্যয় বাড়ছে। বিভিন্ন জনমত জরিপেও যুদ্ধের প্রতি তাদের বিরোধিতার ইঙ্গিত পাওয়া গেছে।
গত জুনে ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করেছিলেন ভ্যান্স। ওই আলোচনায় ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ তাকে সমর্থন দিয়েছিলেন। ওই সমঝোতার ফলে অল্প সময়ের জন্য যুদ্ধ বন্ধ হয়েছিল এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার শুরু হয়েছিল। তবে সেই সমঝোতা এখন আর কার্যকর নেই।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধ বন্ধের জন্য ইরানের দেওয়া শর্তগুলোকে ‘পাগলামি’ বলে আখ্যা দিয়েছেন। তবে সর্বাত্মক যুদ্ধের ব্যয় সম্পর্কেও তিনি সচেতন। সামরিক অভিযানের বদলে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং দেশটিকে আন্তর্জাতিকভাবে আরো বিচ্ছিন্ন করার মাধ্যমে সংঘাতে জয়ী হতে চান তিনি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পক্ষে বলে খবর প্রকাশিত হয়েছে। যুদ্ধ পরিচালনায় ভূমিকার কারণে হেগসেথকে অভিশংসনের মুখেও পড়তে হয়েছে।
গত অক্টোবরের শেষ দিকে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাইকে একটি চিঠি লিখেছিলেন ভ্যান্স। তখন আঞ্চলিক মধ্যস্থতাকারীরা দুই দেশের মতপার্থক্য কমাতে নতুন করে তৎপরতা শুরু করেছিলেন। রেজায়ি প্রথমে চিঠির ভাষাকে ইতিবাচক বলে বর্ণনা করেছিলেন। কিন্তু গত সপ্তাহে ভ্যান্সের সঙ্গে সরাসরি বৈঠক এবং আলোচনায় অগ্রগতির খবরকে তিনি ‘কাল্পনিক আলোচনার ভুয়া খবর’ বলে উড়িয়ে দেন।
এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি লেখেন, ‘আপনারা যুদ্ধ ও নির্বাচনে হেরেছেন। ভ্যান্স পরাজয় মেনে নিয়েছেন, রুবিও বিদায়ের পথে, হেগসেথকে শিগগিরই বরখাস্ত করা হতে পারে। আর সেন্টকমের কমান্ডার এখন পডকাস্টার!’
ভ্যান্স থাকুন বা না থাকুন, অনিশ্চয়তা কাটছে না
দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে শিগগিরই কোনো অগ্রগতির সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকেরা। যুদ্ধ বন্ধে ইরান সাতটি শর্ত দিয়েছে। পাশাপাশি কোন পক্ষ কখন কী ছাড় দেবে, তারও স্পষ্ট ধারাবাহিকতা চায় তেহরান। তবে যুক্তরাষ্ট্রের কাছে এসব শর্ত গ্রহণযোগ্য হচ্ছে না।
আরব সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের পরিচালক মোহাম্মদ সালেহ সেদঘিয়ান বলেন, ট্রাম্প বারবার ইরানের আলোচক দলের মধ্যে মতবিরোধের বিষয়টি সামনে এনেছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো চুক্তি হলে সেটি কতটা নির্ভরযোগ্য হবে, তা নিয়েও ইরানের কর্তৃপক্ষের মধ্যে প্রশ্ন রয়েছে।
আলজাজিরাকে তিনি বলেন, ‘ধরা যাক, মোহসেন রেজায়ি ও জেডি ভ্যান্স আলোচনায় বসলেন এবং একটি চুক্তিতে পৌঁছালেন। কিন্তু ট্রাম্প যে সেই চুক্তি কার্যকর করবেন, তার নিশ্চয়তা কী?’
দুই দেশের মধ্যে অবিশ্বাসের পরিবেশও চুক্তির সম্ভাবনাকে জটিল করে তুলছে বলে মনে করেন সেদঘিয়ান। তার মতে, এর ফলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। এতে তেহরানের অর্থনৈতিক ক্ষতি তুলনামূলক স্বল্পমেয়াদি সামরিক সংঘাতের চেয়েও বেশি হতে পারে।
সেদঘিয়ান বলেন, ‘অবরোধ ও বিভিন্ন ধরনের বিঘ্নের কারণে ইরানের জনগণের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। যুদ্ধও নেই, আবার আলোচনার মাধ্যমে সমাধানও হচ্ছে না—এমন পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।’
এদিকে ইরানের সংস্কারপন্থি সংবাদপত্র শার্ঘ এ সপ্তাহে এক প্রতিবেদনে বলেছে, ইরান ইস্যুতে ভ্যান্সের ভূমিকা পুরোপুরি শেষ হয়ে গেছে, বিষয়টি এমন নয়; বরং তার ভূমিকা এখনো অনিষ্পন্ন। তবে পত্রিকাটি সংঘাত আরো বাড়ার আশঙ্কার কথাও জানিয়েছে।
অন্যদিকে রক্ষণশীল দৈনিক ফারহিখতেগান ভ্যান্সকে প্রকৃত অর্থে যুদ্ধবিরোধী হিসেবে তুলে ধরার বিরোধিতা করেছে। পত্রিকাটির মতে, কূটনীতি, সামরিক শক্তি প্রয়োগ ও অর্থনৈতিক চাপ—সবকিছুর লক্ষ্য একই। আর তা হলো, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে ইরানকে বাধ্য করা।
হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলা
এদিকে দুই দেশের মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথে জাহাজ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চলছে।
শুক্রবার ও শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং দেশটির নিয়মিত সেনাবাহিনী পৃথকভাবে কয়েকটি ঘটনার দাবি করেছে। তাদের দাবি, অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় কয়েকটি জাহাজ নৌমাইনে আঘাত পেয়েছে অথবা সেগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) শুক্রবার প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে হরমুজ প্রণালি ও এর আশপাশে আটটি ঘটনার কথা জানিয়েছে। এর বেশির ভাগই ঘটেছে ওমানের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় নৌপথে।
প্রতিবেদন অনুযায়ী, ওই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১৩৯টি জাহাজ বাইরে গেছে এবং ১৬৯টি জাহাজ প্রবেশ করেছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এ চলাচল প্রায় ৬৫ শতাংশ কম।
নাসের হাদিয়ানের মতে, ইরানের নীতিনির্ধারকেরা বর্তমান পরিস্থিতি অনির্দিষ্টকাল মেনে নেবেন না।
তিনি বলেন, ‘কর্তৃপক্ষ হয় তাদের যুদ্ধজাহাজ, নয়তো বাণিজ্যিক জাহাজ অথবা সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে।’
তিনি আরো বলেন, ‘সমুদ্রপথে চাপ এবং স্থলসীমান্ত ও আকাশপথে চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ অবরোধ যত কঠোর হবে, যুদ্ধের সম্ভাবনাও তত বাড়বে।’
তবে ইরান ইস্যুতে ভ্যান্সকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে পরিস্থিতির আমূল পরিবর্তন হবে না বলে মনে করেন হাদিয়ান। তার মতে, ওয়াশিংটন এখনো বিশ্বাস করে, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখলে ইরানকে ছাড় দিতে বাধ্য করা সম্ভব।
হাদিয়ান বলেন, ‘ভ্যান্স থাকুন বা না থাকুন, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিত। আমার বিশ্বাস, তারা এ নীতি অব্যাহত রাখবে।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



