তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে। বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুরের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে চিলমারী বন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘তিস্তা একটি বড় প্রকল্প। একদিনে এটি বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের সরকারের বয়স মাত্র পাঁচ মাস। কিছুদিন সময় দিন। অল্প কিছুদিনের মধ্যেই পাইলট প্রকল্প হিসেবে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করব।’

তিনি জানান, কুড়িগ্রামে স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার প্রায় ১০০টি ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ চলছে। নদীভাঙন রোধে কোনো দলীয় বিবেচনা করা হবে না।
পরিদর্শনকালে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব ও শফিকুল ইসলাম বেবু এবং জেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


