নীলফামারী সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পাথরপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত বড় ভাইয়ের নাম কেতাব উদ্দীন (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে কেতাব উদ্দীন ও তাঁর ছোট ভাই আবুল হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে ওই বিরোধপূর্ণ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই আবুল হোসেন ঘর থেকে ধারালো ছুরি এনে বড় ভাইয়ের ঘাড়ে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক শাহ্ জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির জেরে ছোট ভাই আবুল হোসেনের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত হন এবং পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

