ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য এ দেশের মানুষ জীবন দেয়নি। বাংলাদেশে বসে নতুন করে কাউকে স্বৈরাচারী হতে দেব না।’
শুক্রবার বিকেলে গাইবান্ধায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাদি হত্যাসহ জুলাই, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌর পার্কের জুলাই-৩৬স্মৃতিস্তম্ভে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাবের।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের কথা শুনলেই একটি পক্ষের গাজ্বলে। তারা মনে করে, ১৭ বছর পর লন্ডন ও ভারত থেকে তাদের ফিরিয়ে এনে মানুষ জোর করে ক্ষমতায় বসিয়েছে। কেউ আবার ফ্যাসিবাদী শাসন কায়েম বা গুম-খুনের রাজনীতি শুরু করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এমন পরিস্থিতি তৈরি হলে তাদের দিল্লির টিকিট কেটে প্রস্তুত রাখতে হবে।’
হাদি হত্যার বিচার প্রসঙ্গে জাবের অভিযোগ করে বলেন, ‘এ মামলার আসামিরা ভারতে পালিয়ে থাকলেও তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।’ বিচার দাবিতে তারা যখন সারা দেশে কর্মসূচি পালন করছেন, তখন আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তিরা জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় বর্তমান সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যথাযথ নজর দিচ্ছে না। তার অভিযোগ, ২০২৪ সালের জুলাই আন্দোলনের বিরোধিতাকারী এবং আন্দোলনকারীদের হত্যা ও পঙ্গুত্বের জন্য দায়ী ব্যক্তিদের কেউ কেউ পদোন্নতি পাচ্ছেন। অন্যদিকে নিজ দলের দীর্ঘদিনের কর্মীদের সরিয়ে অন্যদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। এসব সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।
দেশে বিভিন্ন ক্ষেত্রে সংকট থাকলেও সরকার সেদিকে নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। তিনি বলেন, সরকার ক্ষমতায় যাওয়ার পর অনেক প্রয়োজনীয় বিষয় দেখতে পাচ্ছে না।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সংগঠনটির সদস্য সাফিন ও সাব্বির এবং জুলাই আন্দোলনে শহীদ সজলের মা শাহানা প্রমুখ।
এর আগে রংপুর থেকে পীরগঞ্জ হয়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি গাইবান্ধায় পৌঁছান তিনি। পরে কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

