নাসরুল্লাহ ভাইয়ের হাসিমাখা মুখ এখনো চোখে ভাসে: আশরাফ মাহদি

নাসরুল্লাহ ভাইয়ের হাসিমাখা মুখ এখনো চোখে ভাসে: আশরাফ মাহদি

সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। তিনি বলেছেন, “নাসরুল্লাহ ভাই লালবাগ মাদরাসায় আমার চার বছরের সিনিয়র ছিলেন। যখনই দেখা হতো, হাসিমুখে কুশল জিজ্ঞেস করতেন। ভাইয়ের সেই হাসিমাখা মুখ এখনো আমার চোখে ভাসে।”

শুক্রবার বিকেলে নিহত মুফতি নাসরুল্লাহর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় নিহতের বড় ভাই আহসানুল্লাহ, বাবা ও অবুঝ তিন শিশুসন্তান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্মৃতিচারণ করে মাওলানা মাহদি বলেন, ছোটবেলা থেকেই নাসরুল্লাহ ভাইকে খুব কাছ থেকে দেখেছেন। তাঁর শাহাদাতের খবর শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেননি। পরে তার সহপাঠী ও নাসরুল্লাহ ভাইয়ের ছোট ভাই আতিকুল্লাহর সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত হন।

লাশ দেশে না আনার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, পরিবারের তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও হামলায় দেহ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। পরে পরিবারের সম্মতিতে সৌদি আরবেই জান্নাতুল বাকি অথবা জান্নাতুল মোয়াল্লায় তার দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। উমরাহ পালন করতে গিয়ে ভাইয়ের এমন শাহাদাতকে সৌভাগ্যের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তার ইহরামের কাপড়কেই কাফনের কাপড় হিসেবে কবুল করে নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন