মাছ ধরাকে কেন্দ্র করে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন, আটক ১

মাছ ধরাকে কেন্দ্র করে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন, আটক ১

দিনাজপুরের চিরিরবন্দরে মাছ ধরা ও পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হামলায় রদশা দাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার জালিয়া (দাস) পাড়ার পশ্চিম সাঁইতাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রামবাবু সাধুর বড় ছেলে ভূষণ দাসের পরিবার এবং ছোট ছেলে রদশা দাসের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এছাড়া বাবার মুক্তিযোদ্ধার ভাতার টাকা ভাগবাটোয়ারা নিয়েও দুই পরিবারের মধ্যে চরম দ্বন্দ্ব বিরাজ করছিল। ঘটনার দিন ছোট ভাই রদশার পুকুরের মাছ বড় ভাইয়ের জমিতে চলে গেলে তার স্ত্রী সাবিত্রী দাস সেই মাছ কুড়িয়ে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে বুধবার সকালে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এরই জেরে বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ছোট ভাই রদশার পথরোধ করেন বড় ভাই ভূষণ দাস ও তার ছেলে অনিমেশ দাস। এ সময় তাদের মারধরে রদশা গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে সাবিত্রী দাসকে আটক করেছে। এছাড়া পলাতক প্রধান অভিযুক্ত ভূষণ দাস ও তার ছেলেকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন