জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপি ইলেকশনের আগে বলেছে ভোট দাও আমরা সংস্কার বাস্তবায়ন করবো। ইলেকশনের পরে গদি মোটা হয়ে গেছে এখন আর জনগণকে গোনার টাইম নাই। সেই জনগণ বাংলাদেশে আছে যাদেরকে শেখ হাসিনা গোনেনাই। শেখ হাসিনার গদিতে গিয়ে জনগণ কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিলো। তার আসন আরো বেশি ছিলো। দুইশো আসন পেয়ে তারেক রহমানের এতো পাখা গজাইছে, এতো আকাশে উড়তে চায়-আমরা বলে দিতে চাই বাংলাদেশের সংস্কার যদি না হয় সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে।
গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত তিনি এ কথা বলেন।
বুধবার বিকালে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ থেকে পদযাত্রাটি শুরু হয়ে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম, এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি উপস্থিত ছিলেন।
প্রতিবেশী দেশের চক্রান্তে সীমান্তবর্তী অঞ্চলের তরুণদের মাদকাসক্ত করে বিপথে নেওয়ার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো আছে সেখানে মাদকের ছড়াছড়ি। এই ছড়াছড়ি শুধু ব্যবসায়ী, পুলিশ বা প্রশাসন কিংবা রাজনৈতিক দলের প্রশ্রয়ের মধ্যে সীমাবদ্ধ না। দেশি ও আন্তর্জাতিক কিছু চক্রান্তকারী মহল আছে যারা প্রতিটি সীমান্তবর্তী অঞ্চলের তরুণদের মাদকাসক্ত করে তাদেরকে বিপথে পরিচালিত করার চক্রান্ত করছে।
উত্তরাঞ্চলের সাথে নানাভাবে বৈষম্য করা হচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদ দু'হাত প্রসারিত করে গুলি খেয়ে শহীদ হয়েছিলো যাতে করে এই বাংলাদেশে আর কোনো বৈষম্য না থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা উত্তরাঞ্চল আঞ্চলিক ভাবে বড় ধরনের বৈষম্যের মধ্যে আছি।
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া পর্যন্ত বাজেট আসে কিন্তু বগুড়া পার হয়ে এদিকে আর আসেনা।‘
বিরোধী দলের সংসদ সদস্য হওয়ায় উন্নয়ন বঞ্চিত করে রাখা হচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ এমপি বলেন, আমরা বিরোধী দলের সংসদ সদস্য। আমাদেরকে নানাভাবে চাপিয়ে রাখা হয়। আমাদের অনেক সময় কথা বলার স্পেস দেওয়া হয়না, আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়না, নানারকম ভাবে বিরক্ত করে।
জেলা নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা আক্তারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

