তিস্তা নদীর ভয়াবহ নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শুক্রবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর কাচারীপাড়া এবং ২ নম্বর ওয়ার্ডের ব্রিফ বাজার ও মিনার বাজার এলাকায় নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য রায়হান সিরাজী। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে সাতটি পরিবারের বসতভিটা। ভাঙনের তীব্রতায় কয়েকটি গ্রাম এখন হুমকির মুখে রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যেতে পারে।
তিনি বলেন, ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার বিকল্প নেই। একসময় যে নদী বসতবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিল, বর্তমানে তা ঘরের দোরগোড়ায় এসে পৌঁছেছে। নদীভাঙনের আতঙ্কে অনেক পরিবার তাদের বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।
সংসদ সদস্যের দাবি, নদীর তীরজুড়ে জরুরি ভিত্তিতে প্রায় ২০ হাজার জিও ব্যাগ ফেলা হলে কয়েকটি গ্রাম, শত শত একর আবাদি জমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নদীভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
এ সময় সংসদ সদস্য নদীভাঙন প্রতিরোধকাজের অগ্রগতি, কাজের গুণগত মান এবং কার্যক্রমের কার্যকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি দ্রুত ও সঠিকভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

