ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ তাঁর নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
শনিবার সন্ধ্যার পর নীলফামারী শহরের মরালসংঘ মোড়ে অবস্থিত প্রধান নির্বাচনি কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করা হয়।
ইশতেহারে একটি আধুনিক, টেকসই ও সমৃদ্ধ নীলফামারী গড়ার লক্ষ্যে ৬টি মূল অঙ্গীকার তুলে ধরা হয়। এসব অঙ্গীকারের আওতায় মোট ৩৩টি নির্দিষ্ট কর্মপরিকল্পনা উল্লেখ করা হয়েছে।
ইশতেহারের প্রধান অঙ্গীকারগুলো হলো— দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিতকরণ, সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, পরিকল্পিত ও টেকসই অবকাঠামো উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জানমালের নিরাপত্তা নিশ্চিত করে সমতার ভিত্তিতে সমৃদ্ধ নীলফামারী গঠন।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্যে অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ বলেন, “নীলফামারীকে একটি আধুনিক ও জনকল্যাণমূলক জেলায় রূপান্তর করতে হলে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত প্রশাসনের বিকল্প নেই। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা আহ্বায়ক আব্দুল মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

