প্রধানমন্ত্রীর কাছে ষড়যন্ত্রের বিচার চাইলেন এমপি বাবুল

প্রধানমন্ত্রীর কাছে ষড়যন্ত্রের বিচার চাইলেন এমপি বাবুল

স্থানীয় বিএনপির একটি গ্রুপের ষড়যন্ত্রের বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল। মঙ্গলবার রাতে সরকারি আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে আদিতমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ‘কর্মী মূল্যায়ন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বাবুল বলেন, আজকের এই মঞ্চে উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত আছেন। তারা যদি তৃণমূলের নেতা না হন, তবে কি ওই গুটিকয়েক লোকই তৃণমূল? যারা নিজেদের তৃণমূল দাবি করে আমাকে অযোগ্য আখ্যা দিচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের দলীয় প্রধান ও সম্মানিত প্রধানমন্ত্রী যদি মনে করেন আমি অযোগ্য এবং আমাকে পদত্যাগ করতে নির্দেশ দেন, তাহলে এক মুহূর্তও বিলম্ব না করে আমি পদত্যাগ করব।

ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি আরও বলেন, নির্বাচনের আগে দলীয় মনোনয়ন দেওয়ার সময়ও একটি মহল নানা ধরনের চক্রান্ত ও বিষোদগার করেছিল। নির্বাচন শেষ হলেও ওই মহলটি থেমে নেই, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

তার দাবি, এসব কর্মকাণ্ড শুধু তার ব্যক্তিগত ক্ষতিই করছে না, শহীদ জিয়াউর রহমানের পরিবারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।

তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সবসময় সজাগ, সতর্ক ও ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ থাকবেন। কোনো অপশক্তি বা চক্রান্তকারী শহীদ জিয়ার পরিবারের আদর্শ, আমাদের অস্তিত্ব এবং আমার মর্যাদা ক্ষুণ্ন করতে পারবে না।

এর আগে সভার শুরুতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে তৃণমূলের কয়েকজন নেতা দাবি করেন, নির্বাচনের আগে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পাওয়ার পর স্থানীয় বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তাদের ভাষ্য, অভ্যন্তরীণ বিরোধ ও অসহযোগিতার মধ্যেও রোকন উদ্দিন বাবুল বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।

তৃণমূল নেতাদের অভিযোগ, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দেখে একটি পরাজিত মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ সময় তারা এসব চক্রান্তকারীদের দল থেকে বয়কটেরও দাবি জানান।

সভায় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের নানা গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন আদিতমারী উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের এক অংশের নেতারা। আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বাবুল সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় মূলধারা ও প্রবীণ নেতাদের তোয়াক্কা না করে নিজস্ব স্বার্থ গুছিয়ে চলছেন। এছাড়া জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও স্বার্থান্বেষী মহলের সঙ্গে যোগসাজশে নিজের ইচ্ছামতো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন