গণভোটের রায় ও উন্নয়নে বৈষম্য করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

গণভোটের রায় ও উন্নয়নে বৈষম্য করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণভোটের রায় নিয়ে যেমন বৈষম্য করছে, তেমনি উন্নয়নের ক্ষেত্রেও বৈষম্য করছে। নির্বাচনের আগে তারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ভোটও দিয়েছেন। এখন জুলাই সনদ বাস্তবায়ন করবেন বললেও গণভোটের রায় মানছেন না। একটা এলাকায় একাধারে সিটি করপোরেশন, নতুন উপজেলা সৃষ্টি, বিশ্ববিদ্যালয় স্থাপন, আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে। অথচ সার্বিক গুরুত্ব বিবেচনা করে এসব উন্নয়ন ভিন্ন ভিন্ন স্থানে হওয়া উচিত ছিল।

বিজ্ঞাপন

শনিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সরকারের উন্নয়ন কার্যক্রমের বিরোধিতা বা আপত্তি করি না। বরং উৎসাহিত করি। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিকতা বা সরকারদলীয় এমপিকে প্রাধান্য দেওয়াকে গ্রহণযোগ্য মনে করি না। বরং ন্যায্যতা ও সাম্যতার ভিত্তিতে উন্নয়ন করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমতকে দাবিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। তারা ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করছে। তারা ফ্যাসিস্ট আমলে গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা নিয়ে আন্দোলন করলেও এখন সেই আত্মঘাতী ধারায় অনেক গণমাধ্যমকে কুক্ষিগত করে বেপরোয়াভাবে চাকরিচ্যুত করাসহ সংবাদকর্মীদের নির্যাতন করা হচ্ছে। বিশেষ করে যারা জনগণের পক্ষ নিয়ে সরকারের ভুল কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করছ, তাদের টার্গেট করে হেনস্তা করা হচ্ছে।

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এতে উত্তরাঞ্চলের আর্থ সামাজিক ক্ষেত্রে প্রকৃত উন্নয়ন সাধিত হবে, যা অবহেলিত বৃহত্তর রংপুর-দিনাজপুর এলাকাকে সমৃদ্ধ করবে। এটাই এ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি এবং অধিকারও বটে। এমন জনদাবিগুলো উপেক্ষা করা কখনোই কল্যাণকর নয়। বিএনপি যেভাবে সব জনস্বার্থ নিয়ে ব্যাকপাস খেলছে, তাতে উল্টো গোল খাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, যা বিএনপিই শুধু নয়, দেশের জন্যও ক্ষতিকর হিসেবে দেখা দিবে।

এর আগে, তিনি ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারওয়েজের ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও সহসভাপতি গোলাম রব্বানী।

এ সময় বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল।

এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নায়েবে আমির শফিকুল ইসলাম, সেক্রেটারি মাজহারুল ইসলাম, শহর আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর শহর সভাপতি আব্দুল মোমিনসহ দুই শতাধিক নেতাকর্মী।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...