গাইবান্ধার পলাশবাড়ীতে কবিতা বেগম নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় নিহতের মা হাসনা বেগম জামাতাসহ চারজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ নিহত গৃহবধূর স্বামী হারুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করেছে।
কাটা পুরুষাঙ্গ আটক হারুনের বলে জানায় পুলিশ । তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩৪ নং বেডে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার বেতকাপা ইউনিয়নের পারআমলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবিতা বেগম (২৫) সাদুল্লাপুর উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোস্তাফিজার রহমানের ভাড়া বাসা থেকে কবিতা বেগমের গলাকাটা লাশ গত ২৮ মার্চ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ২৯ মার্চ পলাশবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে রংপুর হাসপাতাল থেকে প্রধান আসামি স্বামী হারুনকে আটক করে। তিনি সাদুল্লাপুর উপজেলার ঈদিলপুর ইউনিয়নের চকভগবানপুর গ্রামের বাসিন্দা।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরওয়ার আলম খান জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রধান আসামি নিহতের স্বামী হারুনকে আটক করা হয় এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

