লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফাতেমা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের সময় লাইনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষ মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেলে তেল সংগহের সময় আগে-পরে দাঁড়ানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ছিল। এ সময় লাইন ভেঙে এক যুবক আগে তেল নিতে চাইলে পেছনে থাকা অন্য এক গ্রাহক তার প্রতিবাদ করেন। এ নিয়ে দুই যুবকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের আরও বেশ কয়েকজন লোক ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের দফায় দফায় সংঘর্ষে পাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ গ্রাহকদের সরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পাম্প কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের নিজেদের ভেতরের এই ঝামেলার কারণে দীর্ঘ সময় তেল বিক্রি বন্ধ রাখতে হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাইনে দাঁড়ানো নিয়ে গ্রাহকের দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

