লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাদের লাঠি আঘাতে আখতারুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ওই উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা শাহিনুর-মতিন-নুরুজ্জামানের সঙ্গে ভাতিজা আখতারুজ্জামানের জমি ও বসতবাড়ি নিয়ে মারামারি হয়। এ সময় চাচাদের লাঠির আঘাতে গুরুতর আহত হন ভাতিজা আখতারুজ্জামান।
আজ শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামানের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামে এক চাচাকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় জমি ও বসতবাড়ি নিয়ে বেশ কিছুদিন ধরে রফিকুল ইসলামের ছেলে আখতারুজ্জামানের সঙ্গে তার চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনার জের ধরে ভাতিজা আখতারুজ্জামানের ওপর হামলা চালান। হামলায় আখতারুজ্জামান গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিন নামে এক চাচাকে গ্রেপ্তার করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

