কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুই হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শনিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশজানী গ্রামের আনন্দবাজার এলাকায় একদল মাদক কারবারিকে ধাওয়া করে এসব ইয়াবা আটক করেন বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, শনিবার বিকালে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহল দল আনন্দ বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। এ সময় মাদক কারবারিরা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা দিয়াডাঙ্গা ক্যাম্পে নিয়ে যান।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব- উল-হক বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

