শ্রেণিকক্ষে গভীর ঘুমে স্কুল শিক্ষিকা পেলেন কারণ দর্শানোর নোটিশ

শ্রেণিকক্ষে গভীর ঘুমে স্কুল শিক্ষিকা পেলেন কারণ দর্শানোর নোটিশ
ঘুমানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সুপর্ণা রানী

পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রেণিকক্ষে টেবিলের ওপর মাথা রেখে ঘুমানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুপর্ণা রানী নামের এক সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে।

বিজ্ঞাপন

সুপর্ণা রানী দেবীগঞ্জ উপজেলার মধ্য শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর একাধিক গণমাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রেখে ঘুমাচ্ছেন সহকারী শিক্ষক সুপর্ণা রানী। এ সময় শ্রেণিকক্ষে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে গল্পগুজব করছিল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের নজরে আসে। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার সাহাদাৎ বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট শিক্ষককে শোকজ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার সাহাদাৎ বলেন, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শোকজের জবাব দিয়েছেন। আমি বিষয়টি টিও স্যারকে জানিয়েছি। এখন পরবর্তী সিদ্ধান্ত টিও স্যার নেবেন।

দেবীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, আমার অফিসে হয়তো জমা দেওয়া হয়েছে, তবে আমি এখনো সরাসরি দেখিনি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন