পীরগঞ্জে সড়কের পাশে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

পীরগঞ্জে সড়কের পাশে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে মাদারহাট–গাজী কোল্ড স্টোরেজ সড়কের পাশ থেকে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।

শনিবার সকালে স্থানীয়রা সড়কের পশ্চিম পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহত আব্দুর রহমান রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বান্দেরপাড়া ঘুরিয়াখাল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি পলাশবাড়ী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

পুলিশ জানিয়েছে, লাশে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, আব্দুর রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, ‘শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। যতটুকু তথ্য পাওয়া গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে বের হয়ে এসেছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন