চিরিরবন্দরে ট্রাক্টর উল্টে এস্কেভেটর চালক নিহত

চিরিরবন্দরে ট্রাক্টর উল্টে এস্কেভেটর চালক নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর উল্টে এস্কেভেটরের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি এস্কেভেটরের চালক ছিলেন। এ সময় আহত হয়েছেন ট্রাক্টরের চালক।

বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যা ৬টার দিকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর-চিরিরবন্দর সড়কের ঘুঘুরাতলী হাইছো মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা টাঙ্গাইল জেলার কালিহাতি এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় রানীরবন্দর থেকে ট্রাক্টরে একটি এস্কেভেটর মেশিন নিয়ে চিরিরবন্দর উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় ঘুঘুরাতলী হাইছো মিলের সামনে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় ট্রাক্টরটি। এতে ট্রাক্টর ও এস্কেভেটরের নিচে চাপা পড়ে দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়।

পরে দিনাজপুর পুলিশ লাইন থেকে রেকার ও পাশের ইটভাটা থেকে আরেকটি এস্কেভেটর মেশিন এনে ৪ ঘণ্টা পর রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এস্কেভেটর চালক জুয়েল রানাকে মৃত ও ট্রাক্টরের চালককে জীবিত অবস্থায় উদ্ধার করে। ট্রাক্টরের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ওসি আব্দুল ওদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন