তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি

উত্তরের সীমান্ত জনপদ পঞ্চগড়ে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। ভৌগোলিক কারণে এ জেলায় প্রতিবছর আগে ভাগেই শীত নামে। হিমালয় পর্বতমালা কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতাও থাকে অনেক বেশি।

বিজ্ঞাপন

রোববার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯ টায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

দিন ও রাতের তাপমাত্রা প্রতিনিয়ত কমতে থাকায় বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। চোখের দৃষ্টিসীমা কম থাকায় সতর্কতার সঙ্গে রাস্তার হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

যানবাহন চালকেরা বলছেন, রাত থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সূর্যের দেখাও মিলছে দেরিতে তাই সতর্কতার সাথে সড়কে দূর্ঘটনা প্রতিরোধে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলায় বিভিন্ন উপজেলায় সন্ধ্যা নামতেই প্রবাহিত হচ্ছে ঠান্ডা বাতাস। দেখা মিলছে কুয়াশার। উত্তর পশ্চিমের হিমেল বাতাসে শীতের অনুভূতি আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। রাত যত গভির হয় কুয়াশা ও শীতের তীব্রতা ও ততো বাড়তে থাকে। সারা রাতে নদ নদীর পানি ঠান্ডা হয়ে যাওয়ায় নদী কেন্দ্রীক মানুষের দূর্ভোগ বেড়েছে। বাধাগ্রস্থ হচ্ছে পাথর সংগ্রহের কাজ। পাথর উত্তোলন করতে না পারায় বিপাকে পরছেন নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। সময়মতো কাজে যেতে না পারায় অনেকে কাজ হারাচ্ছেন যা তাদের দৈনন্দিন জীবনের আয় ব্যয়ের ব্যাঘাত ঘটছে।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ সকাল ৯ টায় ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমতে শুরু করেছে। হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। আগামী মাসের শুরুতে তাপমাত্রা আরও কমে যাবে এমন পূর্বাভাস রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন