ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে হবে—বললেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে হবে—বললেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক

ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য সমুন্নত রেখে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রংপুর নগর ভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নগরীর ১৬৪টি পূজামণ্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা করে মোট ২৪ লাখ ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। পূজামণ্ডপ কমিটির নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। এই ঐতিহ্য সমুন্নত রেখে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

তিনি আরো বলেন, দুর্গাপূজা ঘিরে নগরীর সর্বত্র উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাই পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, রংপুর সিটি করপোরেশন নগরীর সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উৎসবের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর ১৬৪টি পূজামণ্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এতে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ লাখ ৬০ হাজার টাকা।

অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি ডা. নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায়, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, আইন কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাসসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন